এম এ হাই,কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১৫৫টি অসহায় পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের লক্ষ্য নিয়ে ঐতিহাসিক ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১৭ জুন ২০২৬) ঢাকা থেকে সিলেট হয়ে সড়কপথে দুপুর ১টার দিকে তিনি শ্রীমঙ্গল পৌঁছান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষের ঢল নামে। অনুষ্ঠান চলাকালীন সময় শ্রীমঙ্গলে অঝোর ধারায় বৃষ্টি নামে। এই বৈরী আবহাওয়া সত্ত্বেও মাঠভর্তি মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষ করে, অগণিত নারী চা শ্রমিক বৃষ্টির মধ্যেই মাঠে অবস্থান করেন। ভিজা শরীরে দাঁড়িয়ে তারা প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন এবং তার হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করেন। চা শ্রমিকদের এই অংশগ্রহণ ও ধৈর্য ছিল আজকের অনুষ্ঠানের অন্যতম এক দৃশ্য।
প্রধানমন্ত্রী মঞ্চে আসীন হওয়ার পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর তিনি নির্ধারিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেন। বৃষ্টির মধ্যেই প্রধানমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং চা শ্রমিকসহ স্থানীয় অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শ্রীমঙ্গলের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার জেলা সদরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তিনি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ১৫২টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। এরপর বিকেলে তিনি ‘দুসাই রিসোর্ট’-এ বিশ্রামের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় মিলিত হবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানতে পারলাম।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মৌলভীবাজারে এসেছিলেন তারেক রহমান। সরকার গঠনের পর এটিই মৌলভীবাজার জেলায় তার প্রথম আনুষ্ঠানিক সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গোটা মৌলভীবাজার ও শ্রীমঙ্গল এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।