এম. ইসলাম
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শমশেরনগর ইউনিয়ন শিংরাঊলি বিএনপি নেতা লেবু মিয়ার ছেলে রুমন শেখ (৪১) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শামীম আনোয়ার (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রুমন শেখের বসতঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়।
পরে তাকে তল্লাশি চালিয়ে রুমন শেখের কাছ থেকে ৬৩ পিস এবং শামীম আনোয়ারের কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাও জব্দ করে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।