সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু

কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৩২ বার দেখা হয়েছে

এম ইসলাম, কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে গৃহীত প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ের ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এফএসটিপি) বা বর্জ্য শোধনাগার প্রকল্প এক একর জমির অভাবে দীর্ঘদিন ধরে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনীয় জমি না পাওয়ায় প্রকল্পটির কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। ফলে পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য উন্নয়ন এবং আধুনিক স্যানিটেশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ এ উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন পৌরসভার প্রায় কয়েক হাজার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন কার্যক্রমের আওতায় কমলগঞ্জ পৌরসভায় বেশ কয়েকটি অবকাঠামোগত উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে ৬ লাখ লিটার ধারণক্ষমতার একটি ওভারহেড জলাধার নির্মাণ, ৩৭ কিলোমিটার দীর্ঘ পানি সরবরাহ পাইপলাইন স্থাপন, ৩টি উৎপাদন নলকূপ খনন, প্রায় ৩ কিলোমিটার ড্রেন নির্মাণ এবং ৭৫০টি স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন। এছাড়া মানব বর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য দুটি আধুনিক ভ্যাকুয়াম ট্রাকও সরবরাহ করা হয়েছে।

কিন্তু স্যানিটেশন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় এক একর জমি এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে সেপটিক ট্যাংক ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করা মানব বর্জ্য পরিবেশসম্মত উপায়ে শোধনের সুযোগ তৈরি হচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অধিকাংশ এলাকায় সেপটিক ট্যাংক থেকে উত্তোলিত বর্জ্য নির্দিষ্ট শোধন প্রক্রিয়া ছাড়াই বিভিন্ন স্থানে ফেলা হয়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এফএসটিপি প্রকল্প বাস্তবায়িত হলে ভ্যাকুয়াম ট্রাকের মাধ্যমে সংগৃহীত বর্জ্য শোধনাগারে নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হবে। এতে ক্ষতিকর জীবাণু ও দূষণকারী উপাদান অপসারণের পাশাপাশি উৎপাদিত কঠিন বর্জ্য জৈব সারে রূপান্তর করা সম্ভব হবে।

এ বিষয়ে কমলগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন- পৌরসভায় আধুনিক স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে এ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় ১ কোটি ২০ লাখ টাকার প্রকল্পটি শুধু এক একর জমির অভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। প্রয়োজনীয় জমি পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে। অন্যথায় পৌরবাসী প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হবেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন- বর্জ্য শোধনাগার থেকে উৎপাদিত জীবাণুমুক্ত জৈব সার কৃষি খাতের জন্য অত্যন্ত উপকারী। এটি মাটির জৈব উপাদান বৃদ্ধি, উর্বরতা পুনরুদ্ধার এবং রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা কমাতে সহায়তা করবে। দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন বৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে কমলগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন – প্রকল্প বাস্তবায়নের জন্য উপযুক্ত এক একর জমি প্রয়োজন। জমি পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হবে। এ বিষয়ে সম্ভাব্য স্থান চিহ্নিত করার কাজও চলছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন – ধলাই নদীর তীরবর্তী সরকারি খাস জমি প্রকল্পে ব্যবহার করা যেতে পারে। তাদের মতে, দ্রুত জমি অধিগ্রহণ বা বরাদ্দ নিশ্চিত করে প্রকল্পটি বাস্তবায়ন করা হলে কমলগঞ্জ পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে পরিবেশ দূষণ কমবে, জনস্বাস্থ্য সুরক্ষিত হবে এবং কৃষি খাতও উপকৃত হবে।

স্থানীয়দের আশা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত প্রয়োজনীয় জমি নিশ্চিত করা হবে এবং কোটি টাকার এ জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কমলগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব পৌরসভায় রূপান্তর করা সম্ভব হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd