সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা

কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

এম. ইসলাম,
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের গাড়িতে আগুন দিয়ে স্বজনদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা ও হয়রানির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তাসলিমা আক্তার শিপা নামের এক নারী।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তাঁর জা নুরুন নাহার লুবনা, বড় ননদ রুনা বেগম ও নিহত রোজিনা বেগমের ছেলে রেজোয়ান তাওয়াফ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাসলিমা আক্তার শিপা বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত বছরের ২৬ মে সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভসানীগাঁও এলাকায় তাঁদের ভোগদখলীয় কৃষিজমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছিল। এতে প্রতিবাদ জানালে স্থানীয় আব্দুর রহিম, তাঁর ছেলে রেজাউল করিম সাগরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

তাসলিমার দাবি, ওই হামলায় জাহিদুল ইসলাম, রোকসানা বেগমসহ চারজন গুরুতর আহত হন। পরে তাঁদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহত রোজিনা বেগমের স্বামী বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মামলার আসামিরা কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে মামলা আপস করার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছেন। তাঁদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১২ নভেম্বর দিবাগত রাতে আসামিপক্ষ নিজেদের বাড়িতে একটি পুরোনো গাড়ি এনে তাতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তাসলিমা। পরে তাঁর স্বামী, দেবরসহ আত্মীয়স্বজনকে ওই ঘটনায় জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তাসলিমা আক্তার বলেন, গাড়িতে আগুন দেওয়ার সময় তাঁর স্বামী ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শেরপুরের ইনাতগঞ্জ এলাকায় অবস্থান করছিলেন। এ অবস্থায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ঘটনায় জড়ানোর চেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
তবে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্তদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে আব্দুর রহিমসহ সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
তাঁদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গাড়ি পোড়ানোর একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে কেউ ঘটনার সঙ্গে জড়িত না থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁকে অভিযোগ থেকে বাদ দেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, গাড়ি পোড়ানোর ঘটনায় কারা জড়িত এবং অভিযোগের সত্যতা কতটুকু, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে হত্যা মামলার আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd