কমলগঞ্জ প্রতিনিধি::
এম. ইসলাম
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির মধ্যেও মৌলভীবাজারের শহরসহ পুরো জেলা স্বাভাবিক রয়েছে জনজীবন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার দোকানপাট, ব্যবসা, প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতিও চোখে পড়েনি। এদিকে, দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জেলা ও প্রত্যেক উপজেলায়। কমলগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় মানুষের স্বাভাবিক উপস্থিতি রয়েছে। ব্যবসায়ীরা নিয়মিতভাবে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন। সাধারণ মানুষও প্রয়োজনীয় কাজের পাশাপাশি দৈনন্দিন কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে অংশ নিচ্ছেন। বাস,মাইক্রোবাস,কার,সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত যানবাহন, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে স্বাভাবিক নিয়মে। কোথাও যানবাহন চলাচলে কোনো দৃশ্যমান বাধা দেখা যায়নি।
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃশ্যমান উপস্থিতি চোখে পড়েনি। সড়কে পুলিশের টহল কিংবা বিশেষ নিরাপত্তা তৎপরতাও সরেজমিনে দেখা যায়নি।
কর্মসূচিকে কেন্দ্র করে কমলগঞ্জে এখন পর্যন্ত কোনো সংঘাত, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে দেশব্যাপী লকডাউন কর্মসূচির ঘোষণা থাকলেও কমলগঞ্জে জনজীবন, ব্যবসা-বাণিজ্য ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মিছিলটি কমলগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে শুরু হবে।
এ কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।